মিরসরাইয়ে এক গৃহবধূর গলায় ছুরি ধরে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার আব্দুল মজিদ মেস্ত্রীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের ৮টি মোবাইল ফোন, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের সদস্য নুর উদ্দীন বলেন, ‘রাত তিনটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল রামদা, চাইনিজ কুডালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগে সবাইকে জিম্মি করে আমার ভাবি কাজলের গলায় ছুরি ধরে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পর তারা আমার ঘরে এসে আমার হাত পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।’
ভুক্তভোগী পরিবারের সদস্য শাহেদা আক্তার বলেন, ‘তার স্বামীর বাড়িটি একই ছাদের নিচে অবস্থিত ১০ কক্ষ বিশিষ্ট একটি ভবন, সেখানে আমার দুই দেবর ও এক ননদ সহ আমরা ৪ পরিবার আলাদা ঘরে বসবাস করি। রাত তিনটার দিকে প্রথমে ডাকাতদল আমার মেজো দেবর মহিউদ্দিনের ঘরে প্রবেশ করে তার স্ত্রী কাজলের গলায় ছুরি ধরে ঘরের মালামাল লুট করে। এরপর তারা ছোট দেবর নুর উদ্দিনের ঘরে প্রবেশ করে ডাকাতি করতে থাকে। তাদের উপস্থিতি টের পেয়ে আমি প্রতিবেশীদের মোবাইল ফোনে বিষয়টি জানালে, বিষয়টি বুঝতে পেরে ডাকাতদল দ্রুত সরে যায়।
স্থানীয় এলাকাবাসী নুরুল করিম বাবলু বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ায় ডাকাত দল সহজে চলে গেছে। ‘
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেছি। রাত-দিন কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ না পেলেও একাধিক টিম এবং ডিবির টিম এ বিষয়ে কাজ করছে।