Tuesday, 28th July, 2026

মিরসরাই বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, হামলায় আহত ১

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণ, আহত শিক্ষার্থী এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মিরসরাই পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।
এদিকে অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দ্বারা ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়া এবং ছাত্রদলের এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে।
মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক জামশেদ আলম কমিশনার বলেন, শুক্রবার বিকেলে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থী সহ আহত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী আলা উদ্দিন, তুহিন, সোহাগ, মেহেদী ও সোহেলের নেতৃত্বে প্রতিপক্ষ গ্রুপের লোকজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে নিয়ে যায়। এসময় আরিফ নামে এক ছাত্রদল কর্মীকে কিল ঘুষি ও লাথি মারে তারা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে আলোচনা ও দোয়া মাহফিলে মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক জামশেদ আলম কমিশনারের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মো. জসিম উদ্দিন, এম এ মামুন, ইকবাল হোসেন মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হোসাইন মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন কাদের সহ বিএনপি, যুবদল ও ছাত্রদেলর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তসলিম উদ্দিন।

Share and Enjoy !

Shares