Monday, 27th July, 2026

দগ্ধ ফায়ার ফাইটারদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

গাজীপুরের টঙ্গীতে কেমিকেল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। গতকাল টঙ্গীতে কেমিকেল কারখানায় দুর্ঘটনায় চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

তিনি বলেন, এই হাসপাতালে চিকিৎসা খুবই ভালো। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এর আগে পুরান ঢাকায় কেমিকেল কারখানায় দুর্ঘটনার কারণে তা সরিয়ে মুন্সীগঞ্জে নেওয়া হয়েছে। টঙ্গীর এ ঘটনা দুঃখজনক।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন বলেন, দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে আসার সাথে সাথে চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে। আরেকজনের ৪২ শতাংশ, অন্য একজনের ৫ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিকেল গোডাউনে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন।

Share and Enjoy !

Shares