Tuesday, 28th July, 2026

মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

মীরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন।
মতবিনিময় সভায় হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিমের উপস্থাপনায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাহাব উদ্দিন, নুর মো. মানিক, আলমগীর রাসেল, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেলাল হোসেন। এসময় বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন বলেন, ‘যারা সন্ত্রাসী চাঁদাবাজ তাদেরকে আমাদের দলে স্থান দেওয়ার দরকার নেই। আমরা তাদেরকে নেবো না। জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি পরিচ্ছন্ন দল হিসেবে কাজ করতে চায়। আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি আধুনিক বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে মা-বোনদের কাছে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কৃষকের জমিতে আর শ্রমিকের বস্তিতে, আর ব্যবসায়ীদের কাছে যেতে হবে।’
আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘ভোট যাদের কাছে আছে তারা ঘুমন্ত অবস্থায় আছে। ভোটারবিহীন ফ্যাস্টিট হাসিনা মানুষকে ভোটবিহীন অবস্থায় পরিণত করেছে। মানুষকে জাগ্রত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম সবার কাছে পৌঁছে দিতে হবে। নির্বাচনের বাকী আর চার মাস। এসময়ের মধ্যে মীরসরাইয়ে জাতীয়তাবাদী দলের গণজাগরন সৃষ্টি করতে হবে। ধানের শীষ প্রতীকে শ্লোগানে শ্লোগানে মুখরিত করতে হবে। ২০২৬ সালের নির্বাচনে জনগনের রায় নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই বাংলাদেশে সবাই অধিকার ফিরে পাবে, নাগরিকরা ভোট দিতে পারবে, সংবাদপত্র স্বাধীণভাবে কাজ করতে পারবে।’
দলীয় প্রার্থীতার বিষয়ে বিএনপির জেষ্ঠ্য এর নেতা বলেন, ‘আমি দীর্ঘ ৪৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি অতীতে দলের কাছে নমিনেশন চাইনি। দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে সব সময় কাজ করেছি। এখন সময় হয়েছে তাই এবার দলের কাছে মনোনয়ন চাইবো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার জন্য আমিও প্রার্থী হবো। এক্ষেত্রে দল যে সিদ্ধান্ত দিবেন সেটি মেনে নেবো।’

Share and Enjoy !

Shares