Sunday, 26th July, 2026

মিরসরাইয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রতিপক্ষের বাধার অভিযোগ : দুই সাংবাদিককে হেনস্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধাণের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট বাজারে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি-ধমকি, উস্কানিমূলক কটূক্তি ও গাড়িবহরে হামলা করে তাড়িয়ে দেন। একই সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস এর মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেনকে হেনস্তা করা হয়েছে এবং নাছির উদ্দিনের পকেটে থাকা পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে করেরহাটে আমার গণসংযোগ কমসূচি ছিল। এরআগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করে জনগণের ব্যাপক সাড়া পাই। আমার সব গণসংযোগে বিপুল জনসম্পৃক্ত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা করেরহাটে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা করে। তিনি আরো বলেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে আমার শান্তিপূর্ণ গণসংযোগ ও দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে তারা হামলা করে।
করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াছিন মিজান বলেন, করেরহাটে প্রতি রোববার ও বুধবার বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে আমাদের কর্মসূচি থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় আমাদের কর্মসূচি ছিল। শাহীদ ভাইয়ের কর্মসূচি ছিল আমরা জানতাম না। যদি আমাদের আগে বলতো প্রয়োজনে আমাদের কর্মসূচি পিছিয়ে দিতাম। উভয় পক্ষের কর্মসূচি একসঙ্গে হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে একটুু বাকবিতন্ডা হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিম বলেন, করেরহাট বাজারে বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগে বাধার বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share and Enjoy !

Shares