Monday, 27th July, 2026

তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী না সরালে আইনানুগ ব্যবস্থা: সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম নির্বাচনী প্রচারসামগ্রী সরাতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (০৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে ১০ম কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

 

মো: সানাউল্লাহ আরও  বলেন, আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দু’জন করে থাকবেন। এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন বেড়ে যাবে।

 

এছাড়া, নির্বাচনে ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করবে। তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। আর এর পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তাদের কাজ করতে পারবেন।

 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনী প্রচারসামগ্রী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে যে প্রচার চালাচ্ছে এবং ঝুলিয়েছে, এগুলো সরাতে হবে। না সরালে নির্বাচনী আচরণ বিধির আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share and Enjoy !

Shares