শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রকাশ্য মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার (১৭ জুন) বিকেলে ৫ টায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মৃধা নজরুল কবিরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী, যুবদল নেতা আলী মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।