Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। সোমবার (৩১ আগস্ট) তিনি কলেজে গিয়ে শিক্ষকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি।
মতবিনিময়কালে এমপি সাইদ আহমেদ আসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান হাতিয়ার। নারী শিক্ষার প্রসারে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যতে তারা যেন দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ এমপি সাইদ আহমেদ আসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ শরীয়তপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি নারী শিক্ষাপ্রতিষ্ঠান।