শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেছেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মেধা ও জ্ঞানকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানও অপরিসীম। নড়িয়ার শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবেÑএটাই আমাদের প্রত্যাশা।”
২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি, দাখিল বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কিরণ আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাউয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ফারহানা কাদির রহমান, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, নড়িয় থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বাংলাদেশের তৃতীয় এভারেস্টজয়ী নারী মিজ নুরুন নাহার নিম্মি, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী সামসুল আলম দাদন ও সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৪৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।