Thursday, 22nd October, 2026

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৩১ আগস্ট সোমবার সকাল থেকে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত ও তবারক বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে হাজী আব্দুল মালেক সড়কে ৪ শতাধিক তাল গাছের চারা রোপণ শেষে ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে বাদ আসর কর্মসূচি সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক এসএম মিজানুর রহমান, সহ-সভাপতি এসএম আজিজুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন, ডা. কবির আলম, কাওসার আহমেদ, মাস্টার সবুজ, মাস্টার আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ হেমায়েত হোসেন ও সৈয়দ সাজ্জাদ রায়হান।
পাঠাগারের নেতৃবৃন্দ বলেন, হাজী আব্দুল মালেক মাস্টারের আদর্শ ও মানবিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখা হবে। আজকের বৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে আমরা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাই। একই সঙ্গে ৪০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামান্য হলেও অবদান রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরণের শিক্ষামূলক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।