এদেশে সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাদের দেশে শিল্প সেক্টর থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যেখানে শ্রমিকের কোন অবদান নেই। এদেশ শ্রমিকের ঘাম ও রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে।
তিনি আরো বলেন, শ্রমিকরা শুধু পেশাগত দায়িত্ব পালন করে শেষ করেন না। আমরা ইতিহাস পড়ে জেনেছি সেই ব্রিটিশ আমল থেকে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত এদেশের যত রাজনৈতিক অর্জন হয়েছে তার পেছনে এদেশের শ্রমিকদের জীবন এবং রক্ত জড়িয়ে রয়েছে। যেই দেশের জন্য এতো অবদান শ্রমিকদের রাষ্ট্র কি তাদের মর্যাদা দিতে পেরেছে।
আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত এ দেশে ৫৪-৫৫ টি বাজেট হয়েছে। প্রতিটি বাজেটেই উন্নয়নের কথা বলা হয় অনেক প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু শ্রমিকদের দিকে তাকালে তাদের জীবনযাত্রার কোন উন্নতি হয় না। আমাদের দেশে বাজেট হয় উন্নয়ন হয় সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না।
এখনো পর্যন্ত এদেশের শ্রমিকরা ন্যায্য মজুরী পায় না, তাদের মজুরীর জন্য রাস্তায় নামতে হয় লড়াই করতে হয়। আবার মাঝে মাঝে পুলিশের গুলিতে তাদের বুক ঝাঁজরা করে দেয়া হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম, জেলা শ্রমিক শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা ড. মোশাররফ হোসেন মাসুদ, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশার।
এ ছাড়াও সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।