Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু

সারাদেশে একযোগে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলার ৬ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে “আস্থা ও স্বস্তির বুথ” নামে ৭৬টি বুথ স্থাপন করা হয়েছে।
৭ আগস্ট শনিবার সকাল থেকে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় প্রতিটি বুথে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সকালে জেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, শরীয়তপুরে অবস্থানরত বিজিবি’র কমান্ডার মেজর হাবিব, পালং মডেল থানার ওসি (তদন্ত) এস.এম আতিক উল্যাহ, পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, আমাদের সদর উপজেলায় টিকা প্রদানে বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের টিকা কেন্দ্রে এসে লাইনে দাঁড়ানোর কষ্টের কথা বিবেচনা করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছি। যাতে করে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়।
শরীয়তপুর সদর উপজেলার ৫ নং বালাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থাপিত বুথ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, দেশের চলমান মহামারী করোনার থাবা থেকে জীবন বাঁচানোর জন্য টিকার কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন দেশ থেকে টিকা এনে বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে টিকা পায় সে নিশ্চয়তা বিধানের জন্য কাজ করছেন। আজ থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্বস্তির বুথ স্থাপনের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছেন। আমাদের কাছে একটি জীবনই অনেক মূল্যবান। তাই প্রথমে আমাদেরকে প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের গুরুত্ব দিয়ে টিকা প্রদান কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সবাইকে এই টিকার আওতায় আনা হবে ইনশাল্লাহ।