শরীয়তপুরের প্রাণপুরুষ, বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও সমাজ সংস্কারক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় রথীন্দ্র সাহিত্য পরিষদের আয়োজনে শরীয়তপুর এসডিএস সভাকক্ষে “সাহিত্য ভাবনা ও সমাজকর্ম” শীর্ষক এই আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
রথীন্দ্র সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনিক ঘটক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এম. আলমগীর, কবি মুদাসসের হোসেন বাবুল, প্রভাষক রিনা দাস, রবিন হালদার ও অ্যাডভোকেট নুরুজ্জামান শিপন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাহিত্যিক, গবেষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী ছিলেন শরীয়তপুরের পিছিয়ে পড়া জনপদের আলোকবর্তিকা। তিনি কেবল একজন কবি বা সাহিত্যিকই ছিলেন না, বরং তাঁর লেখনি ও কর্মের মাধ্যমে তৎকালীন সমাজের কুসংস্কার দূর করতে অনন্য ভূমিকা রেখেছিলেন। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্য ভাবনা এবং প্রগতিশীল সমাজ সংস্কারের দর্শন বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বক্তারা তাঁর রেখে যাওয়া সাহিত্যকর্ম ও পাণ্ডুলিপিগুলো সরকারি বা বেসরকারি উদ্যোগে সংরক্ষণ করার জোর দাবি জানান, যাতে নতুন প্রজন্ম তাঁর আদর্শে উজ্জীবিত হতে পারে।
সভায় বক্তারা রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।