Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় আমির হোসেন সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই ভাই সোহেল সরদার (২৩) ও জুয়েল সরদারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য বড় ভাই আমির হোসেন সরদার এগিয়ে আসেন। একপর্যায়ে তিনি জুয়েলকে একটি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন।
এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর জুয়েল একটি কাঠের টুকরা নিয়ে ফিরে এসে পেছন থেকে আমির হোসেনের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। তবে সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী লাইজু বেগম জানান, টাকা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে তার স্বামী হামলার শিকার হন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তার স্বামীর শেষ কথা ছিল, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নেও। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জুয়েল সরদারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।