জেলার ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা পানি জমে থাকায় রোগীদের চিকিৎসা গ্রহণের জন্য যাতায়াতে চরম সমস্যা পোহাতে হচ্ছে। বিভিন্ন ইউনিয়নের দুরদুরান্ত থেকে আসা রোগীদের ওঠা নামা করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে আশে পাশে ড্রেনে ময়লা জমে থাকায় পানি আটকে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে এখানকার পরিবেশ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ধানকাটি থেকে ডাক্তার দেখাতে এসে আসমা বেগম বলেন, ময়লা পানিতে ডেঙ্গু মশা থাকতে পারে। আমার বোনকে ভর্তি করেছি। দুই দিন থেকে ময়লা পানি দিয়ে যাওয়া আশা করতে আমার অনেক সমস্যা হয়েছে এবং পরিবেশ অনেক দুর্গন্ধময়। এই ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, আমি এ বিষয়ে পৌরসভার মেয়র সাহেবের সাথে আলাপ করেছি। সরকারি বরাদ্দ ছারাও পৌরসভার নিজস্ব অর্থায়নে কাজটি করতে পারে।
ডামুড্যা পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, আমার পৌসভায় ড্রেন নির্মাণের মত কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আসলেই দ্রুত পানি নিষ্কাশন এর ব্যবস্থা করবো।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন বলেন, আমি প্রতিবছর হাজার হাজর টাকা পৌর কর দিয়ে থাকি অথচ আমাকেই জলমগ্ন থাকতে হয়। এ পানি নিষ্কাশনের জন্য বার বার তাগিদ দিয়েও কোন লাভ হয়নি।