Thursday, 22nd October, 2026

হামে আক্রান্ত ও মৃত্যুর পর জাজিরায় জোরালো টিকাদান কার্যক্রম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনার পর জোরালো ভাবে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার খোশাল সিকদার কান্দির সেলিম মাদবর বাড়িতে স্থাপিত কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন।
উদ্বোধনী দিনে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রটিতে অন্তত ১৭৫ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সমান্তরালভাবে শিশুদের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী তিন সপ্তাহের মধ্যে জাজিরা উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩০ হাজার শিশুকে এই বিশেষ টিকার আওতায় আনা হবে। হামের বিস্তার রোধ এবং শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে শরীয়তপুর জেলায় এখন পর্যন্ত ৫৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুজন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সময়মতো টিকা গ্রহণই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।