Saturday, 24th October, 2026

গোসাইরহাটে ইমামদের নিয়ে সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত

গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জের মসজিদের ইমামদের জন্য সেন্সিটাইজেশন (সংবেদনশীলতা) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার ইউএনডিপির অর্থায়নে বিসিসিপি (বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস) এ কর্মশালার আয়োজন করে। গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জের বিভিন্ন মসজিদের ৩৫ জন ইমাম কর্মশালায় অংশ গ্রহণ করেন। গোসাইরহাট উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ কর্মশালাটি চলে।
গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, ফিল্ড সুপারভাইজার মো. আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহরিয়ার নাফিচ ও আবদুস সালাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক পারভেজ হাসান তাঁর বক্তব্যে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধ, অন্য ধর্মের প্রতি সম্মান, মতামতের বৈচিত্রতা, গুজব এবং সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ, মাদকের কুফল, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি বিষয়ে সমাজের প্রতি ইমামদের করণীয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় ইমামরাও বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।