Monday, 2nd November, 2026

ভেদরগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়নপুর ইউনিয়নে ৫৬ নং ইকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ পান করিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি ফাতেমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সী, নারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ খোকন। প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুহাম্মদ মারুফ রিজভী তালুকদার।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনদিন এগিয়ে যেতে পারে না। এটি সবচেয়ে ভালো বোঝেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ভালো খাবার প্রয়োজন। এর মধ্যে অন্যতম প্রধান খাদ্য দুধ। নিয়মিত দুধ খেলে পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ভালো খাবারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ আলোকেই স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণিজ পুষ্টির যোগান পাবে, সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে। যার মাধ্যমে একটি মেধাবী জাতি গড়ে উঠবে।
জানাগেছে, প্রকল্পের আওতাভুক্ত ৬১ জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে স্কুল খোলা থাকার দিনগুলোতে টিফিনের সময় দুধ পান করানো হবে। প্রথম পর্যায়ে দেশের ৩০০টি বিদ্যালয়ে এ কর্মসূচী বাস্তবায়িত হবে।