Tuesday, 27th October, 2026

৭ ঘন্টা পরে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার আরশীনগর ইউনিয়নের মৃধা কান্দি এলাকায় ট্রাক দুর্ঘটনায় ৭ ঘন্টা সড়ক বন্ধ থাকার পরে বেলা ১টায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৭ টার দিকে চট্রগ্রাম থেকে বরিশালগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭০৬২) একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে প্রায় ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা জানান, ভোর থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত আমরা আটকে ছিলাম। কাঁচামালের ট্রাক, ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেক মানুষ ভোগান্তিতে পড়েন। ট্রাক সরানোর পরে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্রাক চালক আব্বাস মিয়া বলেন, দিদার পরিবহনের বাসকে বাঁচাতে গিয়ে সেতুর রেলিংয়ে আঘাত করি। এতে বাসের কোনো ক্ষতি হয়নি, তবে ট্রাকটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর সড়ক থেকে ট্রাকটি অপসারণ করা সম্ভব হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে দুপুর ১টার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।