Sunday, 1st November, 2026

শরীয়তপুর পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শরীয়তপুর শহরের প্রাণ কেন্দ্র শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর পার্ক নামে বহুল প্রত্যাশিত বিনোদন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাাপন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। শনিবার দুপুর ১২টায় শরীয়তপুর শিল্পকলা একাডেমি সংলগ্ন ২ একর সরকারি খাস জমিতে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের পরিকল্পনায় পার্কটি বাস্তবায়ন করবেন জেলা প্রশাসন। আগামী ২ মাসের মধ্যে পার্কটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনত হবে বলে আশাবাদী উপজেলা প্রশাসন।
পার্ক উদ্বোধনকে ঘিরে রয়েছে শরীয়তপুরবাসীর মাঝে উৎসাহ উদ্দিপনা। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাজী শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল আজিজ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানায়, শহরে কোন বিনোদনের ব্যবস্থা ছিল না। শরীয়তপুর পার্ককে কেন্দ্র করে শিল্পকলা এলাকার গুরুত্ব বাড়বে। এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা হবে।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু কলেন, জেলা প্রশাসক তার পরিকল্পনার প্রতিচ্ছবি বাস্তবায়ন করবেন এই পার্কের মাধ্যমে। আমি সার্বিক সহযোগিতা দিয়ে এই শরীয়তপুর পার্ক বাস্তবায়নের সাথে থাকব।