Sunday, 1st November, 2026

শরীয়তপুরের চৌরঙ্গী এখন শহীদ মামুন স্মৃতি চত্ত্বর

শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড় এখন শহীদ মামুন স্মৃতি চত্ত্বর নামে পরিচিতি দেওয়ার জন্য ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে মামুন শহীদ হয়। তাই শহীদ মামুনের বাল্যবন্ধুরা মিলে চৌরঙ্গী মোড়কে শহীদ মামুন স্মৃতি চত্ত্বর নামকরণের দাবী জানায়। দাবীটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তাই শহীদ মামুনের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগানো হচ্ছে এই চত্ত্বরে। বিগত প্রায় ৩ বছর পূর্বে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরাল তৈরী করায় বঙ্গবন্ধু চত্ত্বর হিসেবে পরিচিতি পেয়েছিল।
শহীদ মামুনের বাল্য বন্ধু রাব্বি আকন জানায়, মামুন বৈষম্যবিরোধী কোটা আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে গত ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। মেধাবী ছাত্র শহীদ মামুন তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক সম্মান শেষ করেছিলেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল মামুনের। শহীদ মামুন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া গ্রামের গনি বেপারী ও হেনা বেগম দম্পতির চার ছেলের মধ্যে কনিষ্ট পুত্র ছিলেন।