শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলার বিশুদ্ধ খাদ্য আদালতে এ রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী শীল।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার পালং বাজারের উত্তর প্রান্তে অবস্থিত ড্রীমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিয়মিত মনিটরিং অভিযানে গুরুত্বর অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াজাত করণের নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন করে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য উৎপাদন ও বিক্রি করছে।
এ ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয় প্রতিষ্ঠানটির মালিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ও ৩৫ ধারায় মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রোববার আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য বলেন, শরীয়তপুরে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। এই রায় ভোক্তা অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও জানান, জেলার সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ খাদ্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।