Thursday, 22nd October, 2026

শরীয়তপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, দুইজন গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে দোকানদারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীসহ তার ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সখিপুরের একটি প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন আফসানা সরদার (৫০) ও আমির (৩০)। শনিবার (৮ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এক দোকানদারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে তার চুল কেটে দেওয়া হয় এবং গলায় জুতার মালা পরিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ সময় তার ভাই-বোনকেও একইভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় গভীর রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।