দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শরীয়তপুরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে শরীয়তপুর পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর পৌরসভার প্রশাসক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।