Wednesday, 21st October, 2026

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ নারীকে সেলাই মেশিন দিল শরীয়তপুর জেলা পরিষদ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলার দুস্থ অসহায় কর্মক্ষম ও প্রতিবন্ধিদের মহিলা অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার জন্য বিভাজিত ৩টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বাকি ৫ উপজেলার সেলাই মেশিন গুলো বিতরণ করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবেদা আফসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার এর একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় নারীদের আর্থিক ভাবে সাবলম্বী করার লক্ষে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় ৩টি করে মোট ১৮টি সেলাই মেশিন বিতরণ করেছি। প্রশিক্ষনপ্রাপ্ত দুস্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষে এ সেলাই মেশিন গুলো প্রদান করা হয়। সেলাই মেশিন প্রাপ্তরা তাদের প্রশিক্ষনলব্ধ জ্ঞান এই মেশিন পাওয়ার পরে কাজের মাধ্যমে বিকশিত করে তারা আর্থিক ভাবে সাবলম্বী হতে পারবে। সেই সাথে নিজেদের এবং পরিবারের পোশাক তৈরী করতে পারবে।
এর পূর্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুকদেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন মিয়া, হিসাবরক্ষক জসিম মীর।

শরীয়তপুরে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা। ছবি-দৈনিক হুংকার।