Friday, 23rd October, 2026

শরীয়তপুর-চাঁদপুর সড়কের পাপরাইল বেইলী সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল বেইলি সেতুর উপর পাথর বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৭২৪) পারাপারের সময় একটি স্পেন ভেঙ্গে যায়। বুধবার মধ্যরাতে স্পেন ভাঙ্গার পর এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয় পাশে প্রায় শতাধিক যাত্রী ও পণ্যবাহী বাস ট্রাক আটকা পড়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সড়ক জনপথ বিভাগ জানায়, এ বেইলি সেতুটির ধারণ ক্ষমতার চেয়ে অধিক পণ্য নিয়ে ট্রাকটি পঞ্চগড় থেকে পাথর বোঝাই করে ভেদরগঞ্জ যাওয়ার পথে একই উপজেলার পাপরাইল গ্রামে বেইলী সেতু ভেঙ্গে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি এখনো বেইলী ব্রীজ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় এলাকাবাসী।
এ বিষয় ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবিএম রশীদুল বারি জানান, সংবাদ পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম সেখানকার নিরাপত্তার কাজ করছে। আমি বিষয়টি আমাদের কন্টোল রুমকে জানিয়েছি। দ্রুত ট্রাকটি সরানোর কাজ শুরু হবে।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান বলেন, পাপরাইল বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ। পাশে নতুন একটি সেতু নির্মাণের কাজ চলছে। ধারণ ক্ষমতার অধিক পণ্যবহন করায় সেতুর স্পেন সরে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ট্রাকটি সরালেই ভেঙ্গে যাওয়া স্পেনটির পুন:স্থাপনের কাজ শুরু করতে পারবো। আমাদের যন্ত্রপাতি ও লোকবল প্রস্তুত আছে।