Sunday, 1st November, 2026

কোস্টগার্ডের সহায়তায় বেঁচে গেলো লাইটার জাহাজের ১৩ নাবিক

গভীর সমুদ্রে অর্ধেক ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটার জাহাজের ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
১ অক্টোবর রবিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।
তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর শনিবার এমভি “হুমাইরা” নামক একটি লাইটার জাহাজ সকাল আনুমানিক ১০টায় চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে বিকল হয়ে যাওয়া লাইটারটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙ্গরে অবস্থান করে এবং মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের নাবিকরা প্রশাসনের নিকট উদ্ধার সহায়তা চায়। খবর পেয়ে কোস্টগার্ডের নিয়মিত গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ “বিসিজিএস সবুজ বাংলা” এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তৎক্ষনাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক রাত সাড়ে ১০টায় অর্ধেক ডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন নাবিককে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, “বিসিজিএস সবুজ বাংলা” জাহাজের মাধ্যমে উদ্ধার হওয়া নাবিকদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে এনে জাহাজের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।