ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ১৭ নং মধ্যমহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে মধ্যমহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অভিভাবক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিলা রানী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজাহিদুল বুলবুল, মোঃ নাজমুল ইসলাম, মোঃ মশিউর রহমান। বক্তব্য রাখেন ভেদরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক, সাংবাদিক শহীদুজ্জামান, সমাজসেবক সেলিম হাওলাদার, ম্যানেজিং কমিটির সদস্য মনিরুজ্জামান হাওলাদার, রতন মৃধা প্রমূখ। এর পূর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পদকের জন্য শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সকল অতিথিদেরকে ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষ আর পশুর মাঝে পার্থক্য নির্ধারণ করে। আমাদের পবিত্র কুরআন শরীফের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ‘ইকরা’ ‘পড়’ কারণ না পড়লে শিক্ষা অর্জন হয়না। পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়, জানার পরিধি বাড়ে। মানুষের সন্তান জন্ম নেয়ার পর তাকে শিক্ষা দিয়ে মানুষ বানাতে হয়। প্রাণী কুলের অন্য কোন প্রাণীকে তা করতে হয়না। যেমন বাঘের সাবক বাঘ, গরুর বাচ্চা গরুই হয়। সৃষ্টির সেরা মানব সন্তানকে শিক্ষা নিয়ে তবেই মানুষ হতে হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর অবদান ও আন্তরিকতার ফলে দেশে শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। এখন শিক্ষার মান গুনগত উন্নয়নে আমাদের কাজ করার সুযোগ রয়েছে।