Monday, 2nd November, 2026

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শরীয়তপুরের জাজিরায় আব্দুর রব খা ও হেলেনা বেগম গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোঃ দুলাল ঢালীর পরিবারের সদস্যরা।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে জাজিরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ১৯ নং মৌজার বিভিন্ন দাগে ভুক্তভোগী দুলাল ঢালীর পরিবারের ২ একর ৫৬ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তারা নিজ দখলে রাখিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। সম্প্রতি তারা জানতে পারেন ওই দাগের জমি গুলো ভুল বসত বিআরএস রেকর্ডে আব্দুল রব খা ও হেলেনা বেগমের নামে রেকর্ড হয়েছে। বিষয়টি সমাধানের জন্য তারা চিকন্দি সহকারী জজকোর্টে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। যার মামলা নং-২২০/২৩।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিগত কিছুদিন আগে হেলেনা ও আব্দুর রব খার সহযোগীরা জাজিরা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে দুলাল ঢালীকে জেলে পাঠিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে তাদের জমিতে যেতে দিচ্ছেনা আব্দুর রব খা ও হেলেনা বেগমরা।
তাই রব খা ও হেলেনা বেগমের মিথ্যা মামলা এবং জমি দখলের হাত থেকে বাঁচতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।