শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “জরায়ু মুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচি” উপলক্ষে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরাণ। সভায় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ হাবিবুর রহমান, জেলা উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাসুদ মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ আশ্রাফ আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, বিশেষজ্ঞ চিকিৎসক, এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং মাদ্রাসার ইমাম ও খতিবগণ।
সভায় জানানো হয় আগামী ১৫ অক্টোবর ২০২৩ থেকে ১৮ কার্যদিবসে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় “জরায়ু মুখ ক্যান্সারের টিকা দান কর্মসূচি” অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল কিশোরী মেয়েদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধি টিকা প্রদান করা হবে। শরীয়তপুর জেলায় প্রায় ৭০ হাজার কিশোরীকে এ টিকা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে স্কুল বহির্ভূত ১০-১৪ বছরের সকল কিশোরী টিকা গ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে শরীয়তপুর জেলার সকল পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জেলা এডভোকেসী সভা।