আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিগত তিন বারের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রুবায়েত হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
সাধারণ নিয়মে একজন সাধারণ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথক ভাবে পর্যায়ক্রমে মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদা রেজা, পৌর মেয়র আবুল বাশার চোকদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন মাদবর, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বেপারী সহ বিভিন্নজন নিয়ম মেনে প্রার্থী নাহিম রাজ্জাক এর পক্ষে মনোনয়ন জমা দেন। এর পূর্বে নাহিম রাজ্জাক এমপি ভেদরগঞ্জ পৌছলে হাজার হাজার নেতা কর্মী তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। নাহিম রাজ্জাক এমপি তাদের সাথে কুশর বিনিময় শেষে প্রস্তাবকারী সমর্থনকারীসহ ৫ জনকে নিয়ে মনোনয়ন জমা দেন।
নাহিম রাজ্জাক এমপি বলেন, আল্লাহ রহমত ও আপনাদের ভালোবাসায় দল চতুর্থ বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আজ আপনাদের উৎসবমুখর পরিবেশ আমাকে আবারও আপনাদের ভালো বাসার ঋণে আবধ্য করে দিয়েছে। আপনারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ভোটের পরিবেশ তৈরি করতে কাজ করুন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মানে আপনাদের নেতা জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাকের দেখানো পথ অনুসরণ করবো ইনশাআল্লাহ।