শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সুবেদার আব্দুর রশিদ খান কে (৮৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার কোর্ট জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে বিকাল ৫ টায় তার প্রতি প্রথমে রাষ্ট্রীয় সালাম প্রদর্শণ করা হয়। জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
এরপর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম। তিনি বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সুবেদার আব্দুর রশিদ খানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন, ওসি তদন্ত মোঃ আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বেপারী, মরহুমের সন্তান ভিপি শামীম খান, বিপ্লব খান, রনি খান সহ অন্যান্য আত্মীয় স্বজনরা। বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সুবেদার আব্দুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।