Sunday, 1st November, 2026

ডামুড্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শরীয়তপুরের ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু। সকাল ৮ টায় উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।