Sunday, 1st November, 2026

গোসাইরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মানববন্ধন

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলো যাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে এই প্রতিপাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্বদরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ।
সোমবার (১৫ জুলাই) ২০২৪ বিকেল সাড়ে পাঁচটার দিকে গোসারহাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও গোসাইরহাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যোগে গোসাইরহাটের বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা গোসাইরহাট উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে সমবেত হয়। একটি বিক্ষোভ মিছিল গোসাইরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসের সামনে এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রব সরদার, মোঃ শুকুর আলী, গোলাম মোস্তফা বাচ্চু সরদার, সন্তান কমান্ড কাউন্সিলের রেবেকা সুলতানা, বিপ্লব রাড়ি, কিবরিয়া প্রমুখ।