শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধানুকা মনসা বাড়ি মন্দিরে সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় মানববন্ধনে বক্তারা খোকন চন্দ্র দাসের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন ডামুড্যার কেউর ভাঙ্গা বাজারের ঔষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার রাতে দোকান বন্ধ করে ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিলই বাসস্ট্যান্ড এলাকায় তিন সন্ত্রাসী তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে, পরে ঢাকায় পাঠান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা এ হামলাকে নেক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি এড. অমিত ঘটক চৌধুরী বলেন, খোকন চন্দ্র দাসের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তাকে দেখতে শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু হাসপাতালে গিয়েছেন। তার চিকিৎসার সুব্যবস্থা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, মানবতার ওপর আঘাত। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আহত খোকন চন্দ্র দাসের দ্রুত সুস্থতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ সদর শাখার সভাপতি সমীর কিশোর দে, জেলা শাখার উপদেষ্টা অরুন সাহা, সদর শাখার সাধারণ গোবিন্দ দত্ত, যুব ঐক্য পরিষদের সেক্রেটারি নিলয় ভট্টাচার্য প্রমুখ। সভার শুরুতেই গীতা পাঠ করেন শিবু নাথ গোস্বামী প্রমুখ।