দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা নির্বাচন কর্মকতা এ ফলাফল ঘোষণা করেন।
শরীয়তপুর-১ (পাল-জাজিরা) আসনে কোনোরকম শক্ত প্রতিপক্ষ না থাকায় নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মো. গোলাম মোস্তফা ঈগল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪৮৮ ভোট।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম প্রায় ৭৫ হাজার ৫৭৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী খালেদ শওকত আলী ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।
এছাড়া শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইর) আসনেও বিপুল ভোটে বিজয় পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি পেয়েছেন এক লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট। তাঁর নিটকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে মো. আবুল হান্নান পেয়েছেন চার হাজার ৪১৯ ভোট।