Friday, 6th November, 2026

পদ্মা নদীতে স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ৩ ম্যাজিস্ট্রেটসহ আহত ১০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোক্তার হোসেন (২৪) নামের এক জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মনাই হাওলাদার কান্দি এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ইনামুল হাফিজ নাদিম। তারা উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে উপজেলা সদরে ফিরছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল কাচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ইনামুল হাফিজ নাদিম। তারা ও তাদের সাথে থাকা ওই কার্যালয়ের অফিস সহকারিরা রাত ৯ টার দিকে স্পীডবোটে চরে কাঁচিকাটা হতে ভেদরগঞ্জের মনাই হাওলাদার কান্দি ঘাটের দিকে রওনা হন। ঘাটের কাছাকাছি পৌঁছালে আরেকটি স্পীডবোটের সাথে তাদের স্পীডবোটের মুখোসুখি সংঘর্ষ হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের বহন করা স্পীডবোটের ১০ জন আহত হন। আর অপর স্পীডবোটের দুইজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১০ টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস আহত মোক্তার হোসেনকে মৃত ঘোষনা করেন। মোক্তার ভেদরগঞ্জের উত্তর তারাবনিয়া এলাকার বাসিন্দা।
স্পীডবোটের যাত্রী ও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি জুয়েল পাল বলেন, কাঁচিকাটা ঘাট হতে রওনা দেয়ার পর আমাদের বহনকারি স্পীডবোটটি ঘাটের কাছাকাছি চলে এসেছিল। বিপরিত দিক থেকে একটি স্পীডবোট হঠাৎ সজোরে আমাদের বোডটিকে চধাক্কা দেয়। আমরা ছিটকে একেক জন একেক দিকে পরে যাই। আহত অবস্থায় স্থানীয়রা আমাদের উদ্ধার করেছেন। আমরা হাত, পা, মাথা ও মুখমন্ডলে আঘাত পাই।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন, নির্বাচনের কাজ শেষ করে আমাদের কর্মকর্তা ও কয়েকজন অফিস সহকারি ফিরছিলেন। তারা ঘাটের কাছে পৌঁছানোর আগে একটি স্পীডবোড তাদের ওপর উঠিয়ে দেয়া হয়। আমাদের তিন কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। অন্য বোডের কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানতে পারিনি। আমাদের আহত দুইজন কর্মকতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুটি স্পীডবোড মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ২৪ বছরের এক যুবক মারা গেছেন। আর তিন ম্যাজিষ্ট্রেটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। কারা ওই স্পীডবোড চালাচ্ছিলেন তা এখনো জানতে পারিনি। আর কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।