Friday, 6th November, 2026

জাজিরায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন

শরীয়তপুরের জাজিরায় দাফনের দুইমাস পর কবিরাজের ভুল চিকিৎসায় মারা যাওয়া এক মাসের শিশু আল-ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
শিশুটির পিতা রাসেল মাঝির দায়ের করা মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে সোমবার লাশটি পুনরায় কবর থেকে উত্তোলন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান, জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সুজন হক ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ। মরদেহটি তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশু আল-ইসলাম কয়েক দিন যাবৎ ঠান্ডাজনিত সমস্যায় ভূগছিল। হঠাৎ করে একটু বেশি অসুস্থ্য হলে ৪ ফেব্রুয়ারি শিশু আল ইসলামকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবার। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে পরের দিন সেখান থেকে আবার ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামের কবিরাজ (ফকির) রহিম খান জানতে পেয়ে শিশুর বাবা রাসেল মাঝিকে ফোন করে বলেন, ঢাকা নেওয়ার দরকার নেই। তুমি আমার কাছে নিয়ে আসো, আমি তোমার ছেলেকে সুস্থ্য করে দিবো। ফকিরের কথায় বিশ্বাস করে ৫ ফেব্রুয়ারি থেকে ৩ বেলা তার কাছে নিয়ে যান। রহিম খান শিশুটি কে ৩ বেলা কবিরাজী চিকিৎসা দেয়।
এরপর গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু টি মারা যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ঐ কবিরাজ সহ ৫ জনকে আসামী করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে জাজিরা থানা পুলিশ।