Friday, 6th November, 2026

শরীয়তপুরে রাত পোহালেই ভোট, কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

শরীয়তপুরের সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে প্রায় সবধরণের প্রস্তুতি।
সোমবার (২০ মে) দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনী সরঞ্জাম নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়। তারা সেসব মালামাল নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।
রিটার্নিং অফিসার ও শরীয়তপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুদ্দিন গিয়াস জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে সদর ও জাজিরা দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৮৯৮ এবং মোট ১৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৩৫টি ও জাজিরা উপজেলায় ৩৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে তিনজন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবেন। সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেট ১১টি পুলিশের টহল টিম ও এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া জাজিরা উপজেলার প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেট সাতটি পুলিশের টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এছাড়াও সদর ও জাজিরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি সদস্য ও র‌্যাবের চারটি টহল টিম মোতায়েন থাকবে।