শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫ম ধাপে ভূমি ও ঘর পেল ৮৪টি পরিবার।
মঙ্গলবার (১১ জুন) সকালে মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৭০টি উপজেলার ভূমিহীন-গৃহহীন আরও ১৮ হাজার ৫৬৬টি পরিবারকে ২ শতক জমিসহ নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এর মাধ্যমে নড়িয়া উপজেলার ৮৪টি পরিবারে জমি ও ঘর হস্তান্তর করে উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নড়িয়া উপজেলায় জমিসহ গৃহপ্রাপ্ত ৮৪টি পরিবারকে জমিসহ ঘরেরর চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসমাইল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।