Friday, 6th November, 2026

বন্যার্তদের সহায়তার তহবিল গঠন করছেন শরীয়তপুরের ছাত্ররা

শরীয়তপুর জেলা থেকে নগদ অর্থ, ঔষধ, ও খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করছেন ছাত্ররা। ছাত্রদের দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হাতে বাক্স নিয়ে ঘুরে বেড়াতে। সংগ্রহ করছেন সকল বয়সী নারী-পুরুষের অব্যবহৃত পুরনো পোশাক। অধিকাংশ মানুষ যার যার অবস্থান থেকে সাধ্যমত বন্যার্তদের জন্য সহায়তা তুলে দিচ্ছেন ছাত্রদের হাতে। অনেকে মাটির ব্যাংকসহ জমানো টাকাও তুলে দিচ্ছেন।
যাত্রারম্ভ-১৮ ও বন্ধু মহল-২১ ব্যানারে তহবিল গঠনকারীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পক্ষ থেকে অনেক বন্ধুরা ইতোমধ্যে বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে। এদিকে আমরা তহবিল ভারি করতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ হাত খুলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সকল উপজেলায় আমাদের তহবিল সংগ্রহের কাজ চলছে।
ছাত্রদের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া একজন জানায়, বন্যার্তদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। সেই সময় সুযোগ হয়ে উঠছে না। ছাত্রদের হাতে অনুদানের টাকা তুলে দিতে পেরে কিছু হলেও মানসিক শান্তি পেয়েছি।
অপর একজন জানায়, তিনিও তার সাধ্য অনুযায়ী বানভাসীদের জন্য সহায়তা দিয়েছেন। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে এটাই হওয়া উচিত। দায়িত্ববোধ থেকেই ছাত্রদের হাতে সহায়তার অর্থ তুলে দিয়েছি।