Friday, 6th November, 2026

জাজিরায় মাটিচাপা অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় বালু মাটির নিচে চাপা দেয়া অবস্থায় ৩৫ বছর বয়সের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই নারীর লাশটি অর্ধগলিত অবস্থায় বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাজিরা থানা সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলা এলাকার একটি বাড়ির পেছনের বালু মাটিতে চাপা দেয়া অবস্থায় এক ব্যক্তির হাতের অংশবিশেষ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বুঝতে পারে মাটির নিচে কোন মানুষের লাশ আছে। তখন স্থানীয়রা জাজিরা থানায় খবর দেয়।
বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল শিমুলতলা গ্রামে গিয়ে বালু মাটি সরিয়ে এক নারী অর্ধগলিত লাশ উদ্ধার করে। ওই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় ব্যক্তিরা ও পুলিশ জানায়, মরদেহটি ৩০ হতে ৩৫ বছর বয়সের এক নারীর। তাদের ধারণা ৮ থেকে ১০ দিন আগে ওই নারীকে হত্যা করে বালু মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। তাই লাশটিতে পচন ধরেছে। তবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, এক নারীকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল কোন সন্ত্রাসীরা। লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নারীর কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পরিচয় ও হত্যার কারণ জানার চেষ্টা করছি। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।