বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শরীয়তপুর জেলা প্রতিনিধি ও দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার স্টাফ রিপোর্টার মফিজুর রহমান রিপনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। পারিবারিক শত্রুতার জেরে তার ছোট ভাই সাইদুর রহমান সুইট এ হামলার নেতৃত্ব দেন বলে জানা যায়।
সাংবাদিক মফিজুর রহমান রিপন এ ঘটনায় নড়িয়া থানায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোমবার বিকেলে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাইদুর রহমান সুইট দীর্ঘদিন ধরে মফিজুর রহমানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং একটি দেওয়ানী মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি ভোজেশ্বরের বাড়ি থেকে নড়িয়া থানায় যাওয়ার পথে ভোজেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সাইদুর রহমান সুইটের নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক রিপনের ওপর হামলা চালায়।
এ বিষয়ে সাংবাদিক মফিজুর রহমান রিপন জানান, হামলাকারীরা বাঁশের লাঠি, কাঠের টুকরা এবং লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আমার নাক ফেটে গুরুতর আঘাত লেগে হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম তৈরি হয়। এ সময় আমার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
হামলার পর পালানোর সময় স্থানীয় জনতা সাইদুর রহমান সুইটকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে মফিজুর রহমান রিপন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দীন জানান, থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত সাইদুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।