Tuesday, 10th November, 2026

মাদারীপুরের শিবচরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
১৪ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টার দিকে উপজেলার বাজার এলাকার প্রধান সড়কে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি ইবনে সামাদ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ রাকিবের ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ৬ মে শত্রুতার জেরে ইবনে সামাদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। দীর্ঘ ২২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন নিহত রাকিব।
শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”