ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেছেন, একটি জাতির শিক্ষার ভিত্তি গড়ে উঠে প্রাথমিক শিক্ষার উপর নির্ভর করে। একটি শিশুর প্রাথমিক শিক্ষা মানসম্মত না হলে পরবর্তী শিক্ষার ফল সুদূর প্রসারিত হতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বর্তমান প্রযুক্তির যুগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রচেষ্টা ও তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আজকের পর থেকে আমাদের অঙ্গিকার হবে উপজেলার প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করণে কাজ করা।
তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ ফয়জুল কবির, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল বুলবুল, মো: তোফায়েল হোসেন, মো:মসিউর রহমান ও মো: আল মুজাহিদ দিপু। এ সময় ভেদরগঞ্জ উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের বক্তব্যে উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষার সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।