“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় আগামী জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সিভিল সার্জন ডা. মোঃ রেহান উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
বক্তারা আরও বলেন, সন্তানদের সুস্থ ও নিরাপদ রাখতে প্রত্যেক অভিভাবককে নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে গিয়ে শিশু ও শিক্ষার্থীদের টিকা প্রদানে উৎসাহিত করতে হবে।