Tuesday, 10th November, 2026

ডামুড্যায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নব নির্মিত বাসের সাঁকো উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে অবশেষে শেষ হলো দুই শত বছরের কষ্ট। দীর্ঘদিন ধরে নদী পারাপারে নৌকার ওপর নির্ভরশীল মানুষের জীবনে এসেছে স্বস্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মিত কাঠের সাঁকো এখন গ্রামবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ডামুড্যা উপজেলার মধ্য বাজার খেয়াঘাট এলাকায় সাঁকোটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম।
উদ্বোধন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বলেন, জনগণের কষ্ট লাঘব করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই সাঁকো কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং মানুষের কল্যাণে আমাদের সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশ।
ডামুড্যা পৌরসভা আমীর আতিকুর রহমান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মো: কবির হোসেন, উপজেলা সূরা সদস্য ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী কাজী ইলিয়াছ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বি.এম মোজাম্মেল হক, পৌর কর্মপরিষদ সদস্য ও নিউনেস ইসলামি একাডেমি ও মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: সাইফুল ইসলাম, বন্দর ব্যবসায়ী মো. মোদাচ্ছের হোসেন, মো. মকবুল হোসেন মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ।
এপথে যাতায়াতকারী স্থানীয় নরুল হুদা বলেন, আমরা বহুদিন ধরে একটা সেতু বা সাঁকোর জন্য আবেদন করেছি। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। জামায়াতে ইসলামী নিজ উদ্যোগে সাঁকো বানিয়ে দিয়েছে এতে আমাদের জীবন অনেক সহজ হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
খেয়া পারাপারের নৌকার মাঝি কামরুল বেপারী বলেন, আমি প্রায় ৩০ বছর ধরে এই নদীতে নৌকা চালিয়ে মানুষ পার করতাম। এর আগে আরও অনেক মাঝি পারাপার করতো। সাঁকো হওয়াতে গ্রামের মানুষের কষ্ট কমবে এইটা ভেবে ভালোই লাগে। আগে বর্ষায় নৌকা ডুববে ভয় পেতাম। এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারে। জামায়াতের লোকজন নিজেরা খরচ করে সাঁকো বানিয়েছে এতে গ্রামের সবাই উপকৃত হয়েছে। মানুষের উপকার হলে তাতে আমার কোনো কষ্ট নেই।