ইচ্ছা থাকলেই উপায় হয় বা ইচ্ছা শক্তিই সফলতার মূলমন্ত্র এমন প্রবাদ আমাদের পাঠ্য পুস্তকে আটকে রয়েছে। সেই আটকে থাকা প্রবাদকে পাঠ্য পুস্তক থেকে মুক্ত করে উদাহরণ সৃষ্টি করেছেন কে এম আলী আকবর নামে এক পিতা। কে এম আলী আকবর শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশ খান গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের পুত্র।
পিতা-পুত্র চলতি বছরের ২৫ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভূক্তির এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা (পিত্রা-পুত্র) উভয়ই প্রথম ধাপে সফল হন। পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ২৮ জুন বার কাউন্সিলের অধীনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। বাংলাদেশ বার কাউন্সিল সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছেন গতকাল (২৫ অক্টোবর) শনিবার। সেখানেও তারা সফল ভাবে কৃতকার্য হয়েছেন।
জানাগেছে, কেএম আলী আকবর ও পুত্র তুষার খান একই সাথে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ল. পরীক্ষায় উত্তীর্ণ হয়। পিতা-পুত্রের একই সাথে বার কাউন্সিল পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়া আইনজীবী ও আইনের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে উদাহরণ সৃষ্টি করেছে।
কেএম আলী আকবর ও পুত্র তুষার খান বাংলাদেশ বার কাউন্সিল ঘোষিত আগামীর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তারা সকলের দোয়া কামনা করছেন।