Tuesday, 10th November, 2026

এম.এন. ইন্টারন্যাশনাল স্কুল মেধা বৃত্তি অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা শহরের সনামধন্য ঐতিহ্যবাহী এম.এন. ইন্টারন্যাশনাল স্কুল মেধা বৃত্তি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২ পর্বের এই পরীক্ষা ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় ভবনে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এই পরীক্ষায় জেলার প্রায় ৩০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।
এম.এন. স্কুল সূত্র জানায়, করোনাকালিন সময় শিক্ষার্থীরা পড়ালেখা থেকে অনেকটা পিছিয়ে পড়ে। শিক্ষার্থীদের পড়ালেখা গতিশীল করতে এবং প্রতিযোগিতা বৃদ্ধি করতে এই বৃত্তির আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেধাভিত্তিক বৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ সুশীল চন্দ্র দেবনাথ জানান, ২০২৪ সন থেকে এই বৃত্তি চালু হয়েছে। প্রথম বছর তারা ৬০ জনকে মেধা ভিত্তিক বৃত্তি দিতে সক্ষম হন। এবার বিদ্যালয় ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই মেধা অনুযায়ী ১০০ জনকে বৃত্তি প্রদান করা হবে।
অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, এই ধরণের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। এই বৃত্তির ধারাবাহিকতা যেন চালু থাকে তাই আয়োজকদের প্রতি আহবান জানানো হয়েছে।
বিদ্যালয়ের পরিচালক মো. মানিক মোল্যা জানায়, করোনার পর থেকে সরকারি বৃত্তি ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের পড়ালেখার মান যাচাই করতে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। গত বছরের তুলনায় এই বছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার মেধা ভিত্তিক ২০ জন এবং সাধারণ মেধায় ৮০ জন সহ মোট ১০০ জনকে বৃত্তি প্রদান করা হবে।