Tuesday, 10th November, 2026

নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে সকলকে একযোগে কাজ করতে হবে: পরিচালক সমাজসেবা

সমাজসেবার কার্যালয়ের ঢাকা বিভাগীয় পরিচালক (যুগ্ন সচিব) আয়সা আক্তার বলেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) শরীয়তপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশ গ্রহণ নিশ্চিতকল্পে শরীয়তপুরে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক মোঃ আঃ মান্নান। এসময় বিভিন্ন উপজেলা সমাজসেবা অফিসারগণ, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আয়সা আক্তার আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সব অংশীজন নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং একটি সফল নির্বাচন উপহার দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।